শেষ দেখে ছাড়ার ঘোষণা আমেরিকার 

0
54
ছবি সৌজন্যে : এক্স

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেছেন, মার্কিন সেনারা সেখানে কোনো অন্তহীন যুদ্ধে জড়ায়নি বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

পিট হেগসেথ দাবি করেছেন,প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নেওয়া রণকৌশল প্রথম দিন থেকেই অত্যন্ত সফল। মার্কিন জনগণের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেছেন, সংবাদমাধ্যম বিষয়টিকে একটি চোরাবালি হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী এবং তাদের প্রতিরক্ষা পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে যেন তেহরান কখনো পারমাণবিক অস্ত্র হাতে না পায়। নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ গ্রহণের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন হেগসেথ। সেখানে শোকাতুর পরিবারগুলোর পক্ষ থেকে মিশন শেষ করার যে আর্জি জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,সেই বীরদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার্থেই আমেরিকা পিছু হটবে না।

একইসঙ্গে ইরানের বর্তমান অবস্থাকে গাজার হামাসের সঙ্গে তুলনা করে তিনি জানিয়েছেন, সুড়ঙ্গ এবং ড্রোন প্রযুক্তিতে ইরান বিনিয়োগ করলেও মার্কিন বাহিনীর অপ্রতিরোধ্য আক্রমণের সামনে তারা দিশেহারা। ইতিমধ্যে ৭ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রতিদিন এই আক্রমণের তীব্রতা বাড়ছে।হেগসেথের দাবি, যুদ্ধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার হার প্রায় ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে।