
ইরান-ইজরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের ফোরদো, নাতানজ, ইসফাহান তিন তিনটি নিউক্লিয়ার সাইটে হানা দিয়েছে মার্কিন সেনা। নিজেই সেকথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলায় ব্যবহৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গোপন এবং ভয়ঙ্কর বি-২ স্টেলথ বোমার।
অভিযান সফল হতেই মার্কিন সেনাকে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ইরানকে আরও বড় হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তাঁর সাফ কথা, শান্তি আলোচনায় রাজি না হলে আরও জোরালো হামলা করা হবে। এদিকে এই হামলায় মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি বলেছেন, প্রথমে শক্তি আসে, তারপর শান্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের সুপরিকল্পিত সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। অন্য কোনও রাষ্ট্রের পক্ষে এমনটা করা সম্ভব ছিল না। ইরান যদিও বলছে, হামলা প্রত্যাশিতই ছিল। এমন কিছু ক্ষতি হয়নি। ফোরদো-র মাত্র ২ টানেলে হামলা হয়েছে। অ্যাটাক হয়েছে শুধুমাত্র এন্ট্রি ও এক্সিট টানেলেই দাবি করেছে ইরান।





