
ভারত-সহ ৬০টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডেরাল রেজিস্টার নোটিসের মাধ্যমে বৃহস্পতিবার এই শুল্কের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকেই তা কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে কোনও দেশকে ১০ শতাংশ, কোনও দেশকে ১২.৫ শতাংশ শুল্ক দিতে হবে। ভারত রয়েছে প্রথম তালিকায়।আমেরিকা একে বলছে ‘বলপূর্বক শ্রম’ শুল্ক। অর্থাৎ, বলপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর শুল্ক নেবেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, জোর করে আদায় করা শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমেরিকায় আমদানি করা হয় না। প্রায় এক শতাব্দী ধরে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর ভাবে তা কার্যকর করা হচ্ছে।
১০ শতাংশ শুল্ক যে সমস্ত দেশের উপর চাপানো হচ্ছে, তার মধ্যে অন্যতম ভারত। এ ছাড়াও সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, ব্রিটেন, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, গুয়াতেমালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, জর্ডন, মালয়েশিয়া, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাগো। জাপান, দক্ষিণ কোরিয়া, সুইৎজ়ারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর আগে থেকেই ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র’ শুল্ক কার্যকর রয়েছে। তার সঙ্গে নতুন কর যুক্ত হয়ে শুল্কের হার দাঁড়াবে ১০ বা ১২.৫ শতাংশে। এ ছাড়া আরও ৩৮টি দেশ রয়েছে ১২.৫ শতাংশ শুল্কের তালিকায়। বলাই বাহুল্য,তার মধ্যে অন্যতম চিন।
