ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে আমেরিকার পরিকল্পনা: পুতিন

0
69
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শান্তি পরিকল্পনাই দেশটিতে স্থায়ীভাবে শান্তি স্থাপনের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যদি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সায় না দেয়, তাহলে একসময় পুরো ইউক্রেন রাশিয়ার কব্জায় চলে আসবে বলে হুমকিও দিয়েছেন তিনি। রাজধানী মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সম্পর্কে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইউক্রেনে স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। আমেরিকা প্রশাসন অবশ্য এখন পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের সম্মতি আদায় করতে পারেনি। উল্লেখ্য, কৃষ্ণ সাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাগরে দখল করে নিজেদের মানচিত্রভুক্ত করে রাশিয়া। এর আগ পর্যন্ত এটি ইউক্রেনের ভূখণ্ড ছিল। পরে ২০১৫ সালে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেয় ইউক্রেন এবং এ বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতিও দেয়।
কিন্তু পরে এই শর্ত না মেনে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবির শুরু করে ইউক্রেন। এই নিয়ে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে।