
ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এতে দু’ দেশের সম্পর্কে নতুন মোড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফোনে কথা বলার সময় আমেরিকায় তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প-মাদুরোর এই ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও যুক্ত ছিলেন বলে শোনা যাচ্ছে। তবে এই ফোনালাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে এই ফোনালাপ হয় এবং সেখানে দু’জনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়। মূলত এই ফোনালাপের খবর এমন সময়ে সামনে এল যখন ক্যারিবীয় সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীসহ বড় ধরনের সামরিক বহর মোতায়েন করে ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন।
ওয়াশিংটনের দাবি, মাদক পাচার ঠেকানোর জন্য এই অভিযান চলছে। তবে কারাকাস বলছে,আমেরিকার এই ধরনের কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা। বলা হয়েছে, ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।








