
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মৃত নাবালিকার পরিচয় প্রকাশ করার অভিযোগে তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন।
তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। নোটিস পাওয়ার তিনদিনের মাথায় জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাসকে পাঠানো চিঠিতে অমিত মালব্য দাবি করেছেন, তিনি কোনওরকম আইন ভঙ্গ করেননি। চিঠির প্রতিলিপি জাতীয় মানবাধিকার কমিশনকেও পাঠিয়েছেন তিনি। ১৬ জুন ক্যানিংয়ে বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। নাবালিকার মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত নন বলেও পোস্টে দাবি করেন তিনি।
ওই পোস্টের সঙ্গে নাবালিকার ব্লার করা ছবিও দেন। এরপরই ২০ জুন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন অমিত মালব্যকে শোকজ নোটিস পাঠায়। সেই শোকজেরই জবাব দিলেন মালব্য।









