
জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারের পর বুধবারেও, জম্মু-কাশ্মীরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবারেও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, ইন্টিলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বুধবার ছিল দ্বিতীয় পর্যালোচনা বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপ মুছে ফেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একজনও যেন অনুপ্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করার কথা বলেন শাহ।
তিনি বলেন, গত কয়েক বছরে অনুপ্রবেশ অনেকটাই কমেছে। লক্ষ্য জম্মু-কাশ্মীর থেকে জঙ্গিবাদের যে ইকো-সিস্টেম আছে তার মূলকে উপড়ে ফেলা।
