
ঘুড়ির সুতোয় টান দিয়েই ওহওহ আওয়াজ শুরু করে দিয়েছেন। কিছুটা দূরে থাকায় স্পষ্টভাবে সেই শব্দটা কানে আসেনি। কিন্তু মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট যে কতটা উৎসাহী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আর সেটা যে কারও ঘুড়ি কেটে দেওয়ার কারণেই করেছেন, সেটাও বলে দেওয়ার অপেক্ষায় রাখে না। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর যা দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন যে মকর সংক্রান্তিতে হাতে ঘুড়ি পেয়ে একেবারে বাচ্চা হয়ে গিয়েছেন অমিত শাহ। আর হওয়ারই তো কথা। গুজরাটের মানুষের রক্তে তো এই দিনটা মিশে আছে। গুজরাটে ধুমধাম করে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ পালন করা হয়। ঘুড়ি উড়িয়ে উদযাপন করা হয় এই বিশেষ দিন। আকাশজুড়ে থাকে ঘুড়ি। মঙ্গলবার সকালে আমদাবাদের মেমনগরে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের ছাদে উঠে ঘুড়ি উড়িয়েছেন গান্ধীনগরের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আমদাবাদের মেয়র প্রতিভা জৈন, ডেপুটি মেয়র যতীন প্যাটেল, স্থানীয় বিজেপি নেতারা।শুধু মকর সংক্রান্তি নয় একগুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাটে এসেছেন অমিত শাহ।





