রাষ্ট্রপতির সাক্ষাতে অমিত শাহ 

0
22
ছবি সৌজন্যে : এক্স
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনার মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক্স পোস্টে এই সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ মাত্র দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেছিলেন। পরপর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি সাক্ষাৎকে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
সম্প্রতি কেরলের প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়েন রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপি তাঁকে পুনরায় রাজ্যসভায় মনোনয়ন দেয়নি। একইভাবে রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং-র রাজ্যসভার মেয়াদও শেষ হয়েছে এবং তাকেও পুনর্নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁদের নিজ নিজ রাজ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।