
২২ বা ২৩ সেপ্টেম্বর নয়, পুজো উদ্বোধনে ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ আয়োজিত বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা ইজেডসিসিতে দুর্গোৎসবের সূচনা করবেন।
উত্তর এবং দক্ষিণ কলকাতার আরও দুটি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি ভবানীপুর লাগোয়া এলাকার পুজো উদ্বোধনে অমিত শাহ যেতে পারেন বলে খবর। বিধানসভা ভোটের আগে ২০২০তে ইজেডসিসিতে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। পরের বছর বিধানসভা নির্বাচন থাকায় সে পুজোর আয়োজন সাড়ম্বরে হয়েছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পুজোর উদ্বোধন করেছিলেন।
তারপর লোকসভা নির্বাচনের আগে ২০২৩-এ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেছিলেন তিনি। যে পুজো বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত।








