
পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে কাঠামোগত ও দীর্ঘস্থায়ী বৈষম্য চালানোর অভিযোগ তুলে দেশটির পাঞ্জাব প্রদেশের সরকারকে কড়া ভাষায় চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে দমন-পীড়ন বাড়তে দিচ্ছে। তাদের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে সরকার।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, পাকিস্তানে আহমদিয়ারা নিয়মিত হয়রানি, ধর্ম পালনে বাধা, নির্বিচার গ্রেপ্তার, সহিংসতা এবং প্রশাসনিক বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে বড় ইসলামী ধর্মীয় উৎসবগুলোর সময় এসব নিপীড়ন আরো বেড়ে যায়। সংগঠনটি পাঞ্জাব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ধর্মীয় স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং আইনের দৃষ্টিতে সমতার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে উল্লেখ আরো করা হয়েছে, চলতি বছরের ঈদুল ফিতরের সময় পাঞ্জাবজুড়ে আহমদিয়াদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অ্যামনেস্টির তথ্য মতে, গুজরানওয়ালায় আহমদিয়াদের জামাত নিষিদ্ধ করা হয়, সিয়ালকোটের ছয়টি স্থানে উপাসনা বন্ধ করে দেয় পুলিশ এবং ফয়সালাবাদে নামাজের স্থান থেকে মুসল্লিদের সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ২০২৬ সালের ২১ মার্চ সারগোধায় কয়েকটি আহমদিয়া উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়।







