
ঘন কুয়াশায় ঘেরা রাস্তায় ফের একের পর এক গাড়ির ধাক্কা উত্তরপ্রদেশের দিল্লি-আগরা এক্সপ্রেসওয়েতে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অন্তত সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা গাড়িগুলিতে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশেও। পরে দমকলকর্মীরা ওই গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করেন। তাঁদের মথুরা এবং সংলগ্ন অন্য এলাকার কিছু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে দিল্লি এবং রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কুয়াশার ঘন আস্তরণ ছিল। দৃশ্যমানতাও অনেক কমে গিয়েছিল। রাস্তায় বেরোলে দশ পা দূরে কী রয়েছে, তা ঠাহর করতে পারা যাচ্ছিল না। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দিল্লি-আগরা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। সংঘর্ষের পরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তাতে যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।








