
প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মহারাষ্ট্রে অ্যাম্বুল্যান্সে ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন গর্ভবতী মহিলা ও তার পরিবার।
অ্যাম্বুল্যান্স থেকে প্রসূতি নামতেই আচমকাই আগুন ধরে গিয়েছে গাড়িতে। সেই আগুনেই নিমেষের মধ্যে গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে গিয়েছে। তারফলে আগুনের গ্রাসে চলে গিয়েছে পুরো অ্যাম্বুল্যান্সটি। জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে করে এরান্দল সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল গর্ভবতী মহিলাকে। অ্যাম্বুল্যান্সে তাঁর পরিবারও ছিল। জাতীয় সড়কের উপর দিয়ে যখন অ্যাম্বুল্যান্সটি যাচ্ছিল, চালক বনেট থেকে সাদা ধোঁয়া লক্ষ্য করেন। বিপদ বুঝেই তিনি গাড়ি থামিয়ে ইঞ্জিন পরীক্ষা করতে নামেন। অ্যাম্বুল্যান্স থেকে গর্ভবতী মহিলা ও তাঁর পরিবার নেমে দাঁড়াতেই আচমকাই গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপরেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। শূন্যে উড়ে গিয়েছে অ্যাম্বুল্যান্সটি। জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকেই বিস্ফোরণ হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শূন্যে উড়ে গিয়েছে গাড়িটি।
বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাঁচও ভেঙে গিয়েছে। ভাগ্যক্রমে আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন প্রসূতি।
ছবি সৌজন্যে : এক্স









