
মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় তৃণমূল নেতার গাড়ি।
ভেঙে পড়ে অ্যাসবেস্টসের ছাউনিও। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে।ঘটনার জেরে শনিবার সকালেও থমথমে এলাকা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছামনাবুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি একটি অ্যাসবেস্টসের শেডের নিচে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়।স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভোটের আগে এই বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা—তৃণমূলের অভিযোগ, বিরোধীদের বোমাবাজি। তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ।আইএসএফের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করছিল তৃণমূল। সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটেছে। এখন দায় চাপাতে বিরোধীদের নাম জড়ানো হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কীভাবে এবং কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।






