
কার্লো আনচেলত্তি, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও ঠিকঠাক পর্তুগিজ ভাষা ঠাউরে উঠতে পারেননি। তবে ব্রাজিলের ফুটবলের ভাষা অনেকটাই রপ্ত করে ফেলেছেন ইতালিয়ান কোচ। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলেছেন তিনি।
মাস ছয়েক আগে ব্রাজিলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন আনচেলত্তি।পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করার পাশাপাশি রক্ষণেও তিনি দিয়েছেন বাড়তি মনোযোগ। তার কোচিংয়ে খেলা প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছিল ব্রাজিল।তবে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরে যেন অন্যরকম এক সতর্কবার্তাই পেয়েছেন আনচেলত্তি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। সব মিলিয়ে এখন পর্যন্ত আনচেলত্তির কোচিংয়ে সাত ম্যাচের চারটি জিতেছে ব্রাজিল। ড্র হয়েছে এক ম্যাচ। আর তারা হেরে গেছে বাকি দুই ম্যাচ। যেখানে ১২ গোল করেছে ব্রাজিল। বিপরীতে হজম করেছে শুধু ৪ গোল।আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য রক্ষণ জমাট রাখার পথেই হাঁটতে চান আনচেলত্তি।
সেই কথাই জোর দিয়ে বলেছেন ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচ।বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হলেও ২০০২ সালের পর চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি ব্রাজিল। আগামী বছরও যদি ব্যর্থ হয় তারা, তাহলে বিশ্বকাপখরা বেড়ে দাঁড়াবে ২৮ বছরে! যা নিশ্চিতভাবেই হতে দিতে চান না আনচেলত্তি।









