
ইরানের সঙ্গে সংঘাত মোটামুটি শেষের পথে। আর সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে সংঘাত। আমেরিকার যা লক্ষ্য ছিল, তার অনেকটাই ইতিমধ্যে পূরণ হয়েছে। এমনকি, সেখানকার ভূখণ্ডে সেনা নামানোরও প্রয়োজন নেই।
এমনটাই বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। ইরানের আশপাশে পশ্চিম এশিয়ার উপকূল সংলগ্ন এলাকায় চালকবিহীন ড্রোন বোট নামিয়েছে আমেরিকা। তার পরেই জল্পনা তৈরি হয়েছিল, তবে কি জলপথে হামলা চালাবে আমেরিকা? আরও দীর্ঘায়িত হবে সংঘাত! সেই জল্পনা উড়িয়ে দিলেন রুবিয়ো। ফ্রান্সে জি-৭ সম্মেলন চলছে। সেই সম্মেলনে যোগ দিয়ে প্যারিস গিয়েছেন রুবিয়ো। সেখানে তিনি বলেছেন, অভিযানের পরিকল্পনা সূচি যা ছিল, তার চেয়ে অনেক এগিয়ে গেছে।
সঠিক সময়ে তা শেষ করা যাবে বলে আশা করছেন — আর কয়েক সপ্তাহেই শেষ হবে, মাস নয়। এর পরেই সংঘাত পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দেন রুবিয়ো। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ইউরোপ এবং এশিয়ার সহযোগী দেশগুলিকে এগিয়ে আসতে হবে। তাঁর মতে, ইরান ওই প্রণালী দিয়ে পারাপারের জন্য টোল চাপাতে পারে। সে রকম হলে বাণিজ্যের ক্ষতি হতে পারে।







