
ফ্রান্স ওপেনের সেমিফাইনালে শীর্ষ বাছাই রুশ তারকা মিরা আন্দ্রেভার কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন ইউক্রেনের মার্তা কস্তিউক। এতেই রোলা গ্যারোতে,ফ্রেঞ্চ ওপেন উইমেন্স সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন রাশিয়ার ১৯ বছর বয়সী কিশোরী মিরা।
কস্ত্যুককে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে ম্যাচটিতে নিজের পরিণত মানসিকতার পরিচয় দেন রুশ উদীয়মান তারকা। গত ৩০ বছরে মার্টিনা হিঙ্গিস, কিম ক্লাইস্টার্স ও কোকো গফের পর চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন আন্দ্রেভা।মাত্র ১৫ বছর বয়স থেকে শীর্ষ স্তরে খেলা আন্দ্রেভা এত দিন নিজের রাগ, আবেগ এবং প্রত্যাশার চাপ সামলাতে বেশ ভুগছিলেন। তবে অবশেষে যেন তিনি নিজেকে চিনেছেন এবং বড় ট্রফির জন্য প্রস্তুত করেছেন।ম্যাচ শেষে আন্দ্রেভা বলেছেন, আমি নিজেকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করছি। ইদানীং আমি অনেক কিছু নিয়ে কাজ করছিলাম। মনে হচ্ছে, শেষ পর্যন্ত আমি সঠিক পথটি খুঁজে পেয়েছি যা আমার জন্য কাজ করছে।উল্লেখ্য,পুরো টুর্নামেন্ট জুড়েই রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়টি বারবার আলোচনায় এসেছে।টুর্নামেন্ট শুরুর ঠিক ১১ দিন আগে, প্রথম রাউন্ডের ম্যাচের দিন সকালে কস্তিউক জানতে পারেন যে ইউক্রেনে তার পারিবারিক বাড়ির মাত্র ১০০ মিটার দূরে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।যেখানে তার মা, বোন ও দিদা ছিলেন। ক্যারিয়ারের সেরা গ্র্যান্ড স্লাম সফর শেষে সেই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড়ের কাছে হেরেই বিদায় নিতে হলো তাকে।
হারের পর কস্তিউক বলেছেন, কোয়ার্টার ফাইনালের পর দর্শকরা যেভাবে আমাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে, তা আমি কোনো দিন ভুলব না। এই স্মৃতি আমি চিরকাল বয়ে বেড়াব।
