
রাজস্থানের ঝালওয়াড়ের পিপলোড়ি সরকারি স্কুলের ছাদ ভেঙে ৭ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। সরকারি উদাসীনতার অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়েছে।
প্রশাসনের বিরুদ্ধেও চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, প্রায় একমাস আগে থেকেই ছাদের বালি, পাথর ভেঙে পড়তে শুরু করে দিয়েছিল। দুর্ঘটনার বেশ কিছুটা আগেই শিক্ষকদের সাবধান করেছিল খুদে পড়ুয়ারা। তবে তাদের কথায় কান দেননি শিক্ষকরা। ছাত্রদের অনেকের দাবি, প্রার্থনার সময় তারা ক্লাসরুমে বসেছিল। তখন মাথার ওপর থেকে পাথরের কুচি পড়তে শুরু করে।
তারা গিয়ে শিক্ষকদের বিষটি জানালেও, তাঁরা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টে বকা দেন এবং বলেন চুপচাপ গিয়ে বসতে। একটু পরেই স্কুলের ছাদ ভেঙে পড়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে।








