
রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির পত্নীকে নতুন করে সমন পাঠাতে চলেছে ইডি। ৪০ হাজার কোটি টাকা দুর্নীতি মামলায় সোমবারই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল টিনা আম্বানি-কে।
কিন্তু প্রাক্তন অভিনেত্রী হাজিরা এড়িয়েছেন। ইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে শীঘ্রই তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। জানা যাচ্ছে, নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল কনডোমিনিয়াম কেনার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আম্বানি-পত্নীকে ডেকেছিল ইডি।
ওই মামলাতেই রিল্যায়্যান্স কমিউনিকেশন-এর প্রাক্তন প্রেসিডেন্ট পুনীত গর্গকে গ্রেফতার করেছে তারা। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ-এর বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি, আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ এবং মামলা তদন্তের জন্য সিট গঠন করেছে ইডি। তার মধ্যে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে উঠে এসেছে টিনার নাম।
