কলকাতার ৩ বছরের খুদে দাবাড়ু অনিশকে রাষ্ট্রীয় পুরস্কার

0
238
ছবি সৌজন্যে : সংসদ টিভি
৩ বছরের বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে কলকাতার অনীশ সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু ১৭ জনের হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিয়েছেন।
তারমধ্যে রয়েছে ৩ বছরের কলকাতার দাবাড়ু অনীশ সরকারও। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন কলকাতার এই বিস্ময়বালককে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তালিকায় স্থান দিয়েছে। সেই বিরল কৃতিত্বের জন্য এদিন রাষ্ট্রপতির কাছ থেকে মানপত্র ও পুরস্কার হাতে তুলে নিয়েছে সে। দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ক্ষেত্রে বিরল সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, সৃজনশীলতা, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজসেবামূলক, ক্রীড়া, পরিবেশ সংক্রান্ত নজির সৃষ্টিকারী নাবালক-নাবালিকাদের এই বিশেষ সম্মান দেওয়া হয়। ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদের নির্বাচিত করা হয়েছে।পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছে কেয়া হাটকর। শিল্প-সংস্কৃতিতে অনবদ্য অবদানের জন্য স্পাইনাল মাসকুলার এট্রোফি অসুখে আক্রান্ত ১৪ বছরের কেয়া হাটকরকে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি মুর্মু।কাশ্মীরের সুফি গায়ক ১২ বছরে আয়ান সাজাদও স্বীকৃতি পেয়েছেন।মাত্র ৯ বছর বয়সে সাহসিকতার ক্ষেত্রে সম্মানিত হয়েছে সৌরভ কুমার। ১৭ বছরের ইয়োন্না থাপা আগুনের হাত থেকে একটি ফ্ল্যাটের ৩৬ জনকে রক্ষা করায় সম্মানিত হয়েছে। সৃজনশীলতার জন্য পুরস্কার পেয়েছে সিন্ধুরা রাজা। একইভাবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে ১৭ বছরের ঋষিক কুমার কাশ্মীরের প্রথম সাইবার সিকিউরিটি ফার্ম তৈরি করেছে, যার লক্ষ্য হ্যাক-ফ্রি ভারত। 
ক্রীড়াক্ষেত্রে নকশাল অধ্যুষিত এলাকার জুডো খেলোয়াড় হেমবতী নাগ খেলো ইন্ডিয়া জাতীয় ক্রীড়ায় রুপো জিতেছিল। ৯ বছরের সাঁওভি সুদ মাউন্ট কিলিমাঞ্জারো সহ একাধিক শৃঙ্গ জয় করে সকলের তারিফ কুড়িয়েছে।