ইউএস ওপেনে প্রতিশোধ আনিসিমোভার

0
126
ছবি সৌজন্যে : এক্স

মাত্র ৫৩ দিন আগের কথা।ফিরে যান উইম্বলডনে উইমেন্স সিঙ্গলসের ফাইনালে। আমেরিকার আমান্দা আনিসিমোভাকে সে ম্যাচে দাঁড়াতেই দেননি পোল্যান্ডের ইগা সিওনতেক।

৬–০, ৬–০ গেমের হারে স্রেফ উড়ে গিয়েছিলেন আনিসিমোভা।কিন্তু কথায় আছে না, ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি,ইউএস ওপেনে উইমেন্স সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আনিসিমোভা আসলে এই কথাকে পুঁজি করেই জীবনের সবচেয়ে অর্থবহ জয়’টি পেয়েছেন।সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আনিসিমোভার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় বাছাই সিওনতেক।অন্য অর্থে উইম্বলডন ফাইনালের এই রি–ম্যাচ অষ্টম বাছাই আনিসিমোভার জন্য ছিল ১৩ জুলাইয়ে উইম্বলডনে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ।আনিসিমোভা এই সুযোগকে কাজে লাগানোর প্রস্তুতি নিয়েছিলেন উইম্বলডনের ফাইনালে হারের ভিডিও দেখে।এরপর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ছ’বারের গ্র্যান্ড স্লামজয়ী সিওনতেককে ৬–৪, ৬–৩ গেমে হারিয়ে আনিসিমোভার সেমিফাইনালে ওঠাকে দুর্দান্ত বলতেই হয়।ফাইনালে ওঠার লড়াইয়ে নাওমি ওসাকার মুখোমুখি হবেন কখনো গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা।আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে ৬–৪, ৭–৬  গেমে হারিয়ে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেন জাপানের ২৩তম বাছাই ও দু’বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা।

আনিসিমোভা জয়ের পর জানিয়েছেন, উইম্বলডনে সেই হারের ভিডিও রিপ্লে দেখে ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিয়েছেন। অল ইংল্যান্ড কোর্টে হারের সেই ভিডিও এর আগে কখনো দেখেননি আনিসিমোভা।