
মায়ানমারের রাখাইন প্রদেশের আন শহরও পুরোপুরি দখল করেছে আরাকান আর্মি। বিদ্রোহীরা এক বিবৃতি প্রকাশ করে এমনই দাবি করেছে।
এর আগে বাংলাদেশের টেকনাফ লাগোয়া মংডু শহরটি দখল করেছিল আরাকান আর্মি। এবার মধ্য রাখাইনের এই আন শহরটি দখল করেছে বিদ্রোহীরা। জানা গিয়েছে, এই আন শহরেই মায়ানমারের জুন্টার আঞ্চলিক সেনা সদর দফতর ছিল। জানা গিয়েছে, রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দফতর দখল করে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেয়ো কেয়োকে। সেইসঙ্গে মিলিটারি কাউন্সিলের যে জওয়ানরা পালিয়ে গিয়েছেন, তাঁদের তাড়া করে ধরার চেষ্টা করা হচ্ছে। এর আগে গত অগস্টে চিন সীমান্তবর্তী শান প্রদেশের রাজধানী লাশিওতে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইনে জুন্টা বাহিনীর ঘাঁটি নিশানা করে হামলা শুরু করেছিল আরাকান আর্মি। রাখাইন প্রদেশের ১৭টি শহরের মধ্যে ১২টিরই দখল নিয়েছে আরাকান আর্মি।








