বাড়িতে বিবাহবার্ষিকীর কেক, গর্তে পড়ে মৃত যুবক

0
60
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
টেবিলের উপরে কেক সাজিয়ে বসেছিলেন বাবা। মোমবাতিগুলি আর জ্বালানো হয়নি। বিবাহবার্ষিকীর কেক আর কাটা হয়নি কমল ধ্যানির বাবা-মায়ের।
বদলে সেই রাতে দিল্লির জনকপুরীতে রাস্তার গর্তে পড়ে মৃত্যু হয়েছে ছেলের। কমল একটি বেসরকারি ব্যাঙ্কের সহকারী ম্যানেজার। শুক্রবার রাত ১২টা ৫০ নাগাদ নিজের যমজ ভাই কর্ণকে ফোন করে জানান, ১৫ মিনিটেই বাড়িতে পৌঁছে যাচ্ছেন।
সেই শেষ বার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এর পরে আধ ঘণ্টা কেটে গেলেও কমল বাড়ি ফেরেননি। ফোন করেও সাড়া পায়নি পরিবার। শনিবার সকালে কমলের দেহ উদ্ধার হয়। ১৫ ফুট গভীর গর্তে পড়েছিল তাঁর দেহ। তখনও মাথায় ছিল হেলমেট। দিল্লির জনকপুরীতে পাইপলাইনের কাজের জন্য সেই গর্ত খনন করেছিল দিল্লি জল বোর্ড। বাড়ি ফেরার সময় সেই গর্তে পড়ে যান কমল।