অস্কারের মঞ্চে জয়জয়কার প্রেমের সিনেমা আনোরা’র 

0
249
ছবি সৌজন্যে : এক্স
৯৭ তম অস্কার-এর মঞ্চে ঝড় তুলেছে প্রেম ও সাংস্কৃতিক সঙ্ঘাতের ছবি আনোরা’র। শন বেকার পরিচালিত ছবিটি জিতে নিয়েছে সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রী সহ পাঁচটি পুরস্কার। আনোরা সিনেমা পরিচালনার জন্য নির্মাতা শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী হয়েছেন ২৫ বছর বয়সী মিকি ম্যাডিসন।
ছবিটিতে কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়েন। দু’জনে ভালবাসাকে সার্থক রূপ দিয়ে বিয়ে করে। কিন্তু এক যৌন কর্মীকে ছেলের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাশিয়ান গ্যাংস্টার। তা নিয়েই শুরু হয় সঙ্ঘাত। নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্পই বলা হয়েছে ছবিটিতে।
শন বেকারের আনোরা গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতে নিয়েছিল।এবার প্রথমবারের মত অস্কার সঞ্চালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন। অসাধারণ চিত্রগ্রহণের জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে দ্য ব্রুটালিস্ট। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।