আবারও ওড়িশায় কিশোরীকে গণধর্ষণের চেষ্টা, ধৃত ১

0
81
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আবার সেই ওড়িশা। এবার ময়ূরভঞ্জ জেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু কিশোরী কোনও রকমে পালিয়ে আসে। বাড়িতে এসে বিষয়টি জানায় সে। তার পরই পুলিশের কাছে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। কিশোরীর বয়ানও রেকর্ড করেছে পুলিশ।
অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের ধরতে একটি দল গঠন করে পুলিশ।মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ৪ অগাস্টের। পুলিশ জানিয়েছে, কিশোরীর সঙ্গে মূল অভিযুক্তের আগে থেকেই পরিচয় ছিল। ৪ অগাস্ট বাড়ি থেকে বেরিয়ে টিউশনে যাচ্ছিল কিশোরী। ওই পরিচিত যুবক কিশোরীর পথ আটকায়। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অভিযোগ, কিশোরী রাজি না হওয়ায় তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পাশেরই একটি পাহাড়ি জঙ্গলে।
সেখানে আগে থেকেই যুবকের তিন বন্ধু ছিল। তারা সকলে মিলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। গত বৃহস্পতিবারই আঙ্গুল জেলায় এক আদিবাসী মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় দুই নাবালক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত জুন থেকে পর পর বেশ কয়েকটি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যের গঞ্জাম, ময়ূরভঞ্জ, কেওনঝর জেলায়।