
শুক্রবারের জোরালো ভূমিকম্পের পর থেকে এখনও মাঝে মধ্যে কম্পন হয়ে চলছে মায়ানমারে। বুধবার রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমারে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। বুধবার বিকেলে আরও একটি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে। সেটির মাত্রা ছিল ৪.৩।
ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার থেকে ৩০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মায়ানমারে এক গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। তার মধ্যে এই ভূমিকম্পে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
জুন্টা-বিরোধী পিপল্স ডিফেন্স ফোর্স আগেই ভূমিকম্প পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। বুধবার মায়ানমারের জুন্টা সেনাও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে।







