
ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।আইডিএফ আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করছে।
এর আগে জানা গিয়েছিল যে, ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু স্থানে বিস্ফোরণ ঘটেছে। তেল আবিবের ওপর গুচ্ছবোমা বা ক্লাস্টার মিউনিশনসহ ইরানের আরেক দফার হামলা আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে,মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নজিরবিহীন কটাক্ষ ছুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী পূর্ণ চালুর বিষয়ে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ করে বলেছেন, হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড! ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস-এর সেই বিখ্যাত সংলাপ ব্যবহার করে দেওয়া এই ভিডিও বার্তাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। উল্লেখ্য,সম্প্রতি হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার একটি চরম হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, এই সময়ের মধ্যে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত না করা হলে ইরানের বিদ্যুৎ পরিকাঠামো ও জ্বালানি গ্রিডে ভয়াবহ হামলা চালানো হবে। এমনকি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হিট অ্যান্ড অবলিটারেট হুমকির জবাবেই এমন নাটকীয় প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ,আইআরজিসি।






