
আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশের ফিলাডেলফিয়া শহরে ফের বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনার ফলে একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। ওই বিমানটিতে ছ’জন ছিলেন বলে মনে করা হচ্ছে।
ফিলাডেলফিয়ার বিমানবন্দর থেকে ওড়ার পরেই কিছু ক্ষণের মধ্যে মুখ থুবড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এর ফলে একাধিক বাড়ি এবং গাড়িতে আগুন ধরে গিয়েছে বলে খবর। এরপরই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে। ফিলাডেলফিয়ার রোজভেল্ট মলের সামনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ছোট বিমানে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৫৫ বিমানটিতে দু’জন ছিলেন। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ওই বিমান। গন্তব্য ছিল মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল বিমানবন্দর। তবে আমেরিকার পরিবহণ সচিব সিন ডাফি জানিয়েছেন, বিমানটিতে ছ’জন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। এফএএ-র সঙ্গে আমেরিকার জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করবে।
ফিলাডেলফিয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ফিলাডেলফিয়ায় বিমান ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
