
দেশ বিক্রি হতে দেব না। এমনই স্লোগান তুলে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভে উত্তাল সংসদ।
তবে প্রতিবারের মতো এবারও প্রতিবাদ এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তাল সংসদ চত্বর। বিরোধীদের বিরোধের জেরে বারংবার মুলতুবি হয়েছে অধিবেশন। বৃহস্পতিবার সকালেই অধিবেশন শুরু হতেই ফের প্রতিবাদ শুরু করেন কংগ্রেস সাংসদেরা। আদানির ঘুষকাণ্ড নিয়ে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক দলের সাংসদদের বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়েছে সংসদ চত্বর। এদিন সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। হাতে পোস্টার নিয়ে দেশ বিক্রি হতে দেব না স্লোগান দিয়েছেন তাঁরা। পাল্টা বিরোধীদের নিশানা করেছে শাসক শিবির। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন।
কংগ্রেস এবং হাঙ্গেরিয়ান-আমেরিকান বিলিয়নিয়ার জর্জ সোরোসের মধ্যে যোগসূত্রের অভিযোগ তুলেছে বিজেপি।








