
যেই মঞ্চে একসময় প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন সেই ইন্ডিয়ান আইডল-এ এখন বিচারকের আসনে সংগীতশিল্পী নেহা কক্কর।তবে শুরুর দিককার সেই অভিজ্ঞতা বিশেষ সুখকর ছিল না তার জন্য।
গানের জগতে পা রেখে শুরুতে বিচারকদের মন জয় করতে পারেননি তিনি।জনপ্রিয় এই অনুষ্ঠানের বাছাই পর্বে রিফিউজি ছবির অ্যায়সা লাগতা হ্যায় গানটি গেয়েছিলেন তিনি।সঙ্গে ছিলেন আরেক সহশিল্পীও। সেই সময় বিচারকের আসনে ছিলেন অনু মালিক, সোনু নিগম, ফারাহ খান। কিন্তু বিচারকদের কারও সেই গান পছন্দ হয়নি। নেহার গান শুনে নাকি সেই মুহূর্তেই বিরক্তি প্রকাশ করেছিলেন অনু মালিক।তিনি বলেন, নেহা কক্কর,তোর আওয়াজ শুনে মনে হচ্ছে নিজেই নিজেকে থাপ্পড় মারি, কী হয়েছে তোর?এর পর নাকি সত্যিই নিজের গালে নিজে চড় মারেন তিনি। স্বাভাবিক ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, হতভম্ব হয়ে যান খোদ নেহাও। তবে শুধু অনুই নন, গান শুনে হতাশা প্রকাশ করেন সোনু ও ফারাহও।
বেশ কয়েক বছর পর ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জওয়ানি গানের মাধ্যমে বড় ব্রেক পান নেহা কক্কর।বলিউডে শুরু হয় তার সাফল্যের যাত্রা। ধীরে হলেও নিজের স্থান পাকা করে নিয়েছেন গায়িকা। নেহার কণ্ঠে এর পর কালা চশমা, দিলবার, আঁখ মারে বা, ও সাকি সাকি’র মতো একাধিক গান জনপ্রিয়তা লাভ করেছে।






