বীরভূমের কোর কমিটির কনভেনর অনুব্রত

0
292
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বীরভূমে আবারও জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনর করা হয়েছে অনুব্রত মণ্ডল-কে। সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাঙাবিতানে ডেকে পাঠিয়েছিলেন কোর কমিটির সমস্ত সদস্যকে।
ছিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলও। সূত্রের খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন কোর কমিটির কনভেনর হবেন অনুব্রতই।গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের দেখভাল এবং পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামিনমুক্ত অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরেও সেই কোর কমিটিই কাজ চালাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বার্তা দিয়ে এসেছেন, বীরভূমে তাঁর দলের সংগঠনের সমস্ত ভার ওই কোর কমিটির উপরে। প্রথমে নয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছিল সিউড়ির বিকাশ রায়চৌধুরীকে। পরে ওই পদ খালি ছিল। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মাস কয়েক আগে ওই কমিটির সম্প্রসারণ হয়। তাতে জায়গা দেওয়া হয় অনুব্রতকেও।
এছাড়াও কমিটিতে রয়েছেন অভিজিৎ সিং, চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ প্রমুখ। তা ছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মালও কোর কমিটির আমন্ত্রিত সদস্য। তাঁদের উপর জেলা সংগঠন চালানোর ভার পড়েছিল। এ বার সেই গুরুদায়িত্ব তুলে দেওয়া হল অনুব্রত মণ্ডলের হাতেই।