
বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস–এ এবার উঠে এলো বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ–এর নাম। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত প্রকাশিত নথিতে থাকা একাধিক ই–মেইলে তাঁর নাম পাওয়া গেছে।
৩০ জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ তিন মিলিয়নেরও বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। সেই নথির অংশ হিসেবে প্রকাশিত ই–মেইলগুলোর মধ্যে অনুরাগ কাশ্যপকে,বলিউড গাই হিসেবে উল্লেখ করা হয়েছে।ই–মেইলগুলো তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় ছিলেন জেফরি এপস্টেইন নিজেও।নথি অনুযায়ী, ই–মেইলগুলিতে এপস্টেইনের একটি সম্ভাব্য কিউবা সফর নিয়ে আলোচনা করা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার জন্য সম্ভাব্য অতিথি ও বক্তাদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ ছিল।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো,এই নথিতে অনুরাগ কাশ্যপের নাম থাকলেও তিনি আদৌ ওই সফর বা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।তাঁর উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার,কোনোটাই নথিতে স্পষ্ট করা হয়নি। তাঁকে কেবল একজন পরিচিত ব্যক্তি বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।এপস্টেইন ও অনুরাগ কাশ্যপ একই সময়ে একই জায়গায় ছিলেন,এমন কোনো প্রমাণও এখন পর্যন্ত সামনে আসেনি।
বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ নিজেও এখনো কোনো মন্তব্য করেননি।উল্লেখ্য, এর আগেও এপস্টেইন ফাইলসে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার–এর নাম উঠে এসেছিল। পাশাপাশি এই নথিতে আন্তর্জাতিক অঙ্গনের একাধিক পরিচিত তারকার নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন, অভিনেত্রী–গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও অনেকে।
