
এবার থেকে দুইয়ের বেশি সন্তান থাকলেও অন্ধ্রপ্রদেশের পঞ্চায়েত এবং পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। প্রায় তিন দশক ধরে চলে আসা নিয়ম বদলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে।
বিধানসভায় অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েত রাজ (সংশোধনী) বিল, ২০২৪ এবং অন্ধ্রপ্রদেশ পুরসভা আইন (সংশোধনী) বিল, ২০২৪ পাশ হয়েছে। এই দু’টি বিল আইনে পরিণত হলেই বদলে যাবে ১৯৯৪ সাল থেকে চলে আসা নিয়ম।১৯৯৪ সালে তৎকালীন কংগ্রেস শাসিত সরকার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় দু’সন্তান বিষয়ক বিল পাশ করেছিল। তারপর থেকে দুইয়ের অধিক সন্তান থাকলে কেউ অন্ধ্রপ্রদেশের পুরসভা বা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। এবার সেই নিয়মে বদল আনার পথে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার।চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই বিষয়ে পদক্ষেপ শুরু করেছিলেন।
৭ অগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশের তথ্য ও জনসংযোগ মন্ত্রী কোলুসু পার্থসারথি জানিয়েছিলেন, দেশে মহিলা পিছু প্রসবের হারের তুলনায় অন্ধ্রপ্রদেশের হার অনেকটাই কম।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
