
পুলিশকে হেনস্থার অভিযোগে থানায় ৪ ঘণ্টা জেরা সামলে মাথা ঘুরে পড়ে গেলেন অপরূপা পোদ্দার। দ্বিতীয়বার তলবে শ্রীরামপুর থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
শুক্রবার সকালে আইনজীবীর পোশাক পরে সঙ্গে আইনজীবীকে নিয়ে থানায় পৌঁছন প্রাক্তন সাংসদ। প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদকে। এরপর থানা থেকে বেরতে মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে টোটোয় করে নিয়ে যাওয়া হয়। স্বামী সাকির আলিকে এনআইএ গ্রেফতারের সময় পুলিশকে হেনস্থার অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। সেই সূত্রে বুধবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ইমেল এবং আইনজীবীর মারফত চিঠিতে অপরূপা পোদ্দার পুলিশকে জানিয়েছেন তাঁর স্বামীকে এনআইএ কোর্টে তোলার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। এরপর শুক্রবার ফের তাকে হাজিরার জন্য তলব করা হয়।
এই মামলায় আরও কিছু জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। রামনবমীতে হামলার অভিযোগে মঙ্গলবার এনআইএ যখন সাকির আলিকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন পুলিশের সঙ্গে বচসায় জড়ান অপরূপা পোদ্দার। এরপরেই শ্রীরামপুর থানায় তাঁরা বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়।
