
প্রযুক্তিনির্ভর ও আধুনিক ডিজাইনের পণ্য তৈরিতে বিশ্বজুড়ে পরিচিত অ্যাপল এবার বাজারে এনেছে ভিন্নধর্মী এক অ্যাকসেসরিজ। অনেকের কাছেই পণ্যটি অদ্ভুত মনে হলেও অ্যাপলের দাবি, এটি আধুনিক ইউজারের প্রয়োজন মাথায় রেখেই তৈরি।
অ্যাপল তাদের নতুন পণ্যের নাম দিয়েছে ,আইফোন পকেট। ফিতার কাপড়ে বোনা এই পণ্য দেখতে অনেকটা মোজার মতো। অ্যাপল জাপানের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইসি মিয়াকের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে,এক্সট্রা বা অতিরিক্ত পকেট তৈরির ধারণা থেকেই তাদের এই উদ্যোগ।অ্যাপলের যে কোনো মডেলের আইফোনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো করে তৈরি করা হয়েছে এই,পকেট । বিভিন্ন রঙে পাওয়া যাবে এটি।অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন মলি অ্যান্ডারসন বলেছেন, অ্যাপল ও ইসি মিয়াকে কারুশিল্পকে গুরুত্ব দিয়ে নকশা তৈরি করে। এই অভিনব পকেট সেই ভাবনারই প্রতিফলন। এটি আইফোন, এয়ারপডসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বহনের নতুন এক উপায় দেবে।তবে পণ্যের দাম অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।
অ্যাপল জানিয়েছে, ছোট সংস্করণের দাম ১৪৯ দশমিক ৯৫ ডলার আর লম্বা বা বড় সংস্করণের দাম ২২৯ দশমিক ৯৫ ডলার।এই দামকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা–সমালোচনা।প্ল্যাটফর্ম এক্সে একজন ইউজার লিখেছেন, একখানা কাটা মোজার দাম ২৩০ ডলার !
