
কিছুদিন আগে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে নতুন ম্যাকবুক নিও এনেছে অ্যাপল,যা গত এক দশকের মধ্যে কোম্পানিটির সবচেয়ে সহজে সারানো যায় এমন ল্যাপটপ।শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ ল্যাপটপটির প্রাথমিক দাম নির্ধারিত হয়েছে ৪৯৯ ডলার।
এক বিশ্লেষণে উঠে এসেছে, ২০১৪ সালের পর থেকে অ্যাপলের তৈরি করা বিভিন্ন ল্যাপটপের মধ্যে এ ল্যাপটপটিই সবচেয়ে সহজে সারানো যায়।বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সারানোর নির্দেশিকা প্রকাশ এবং এর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রি করে আইফিক্সইট। তারা একটি ডিভাইস সার্ভিসিং করা কতটা সহজ এর ওপর ভিত্তি করে রেটিং দেয়। ডেল ও লেনোভোর মতো বিভিন্ন ল্যাপটপ নির্মাতা কোম্পানি নিজেদের পণ্যের মানোন্নয়নে এই রেটিং ব্যবহার করে। আগের বিভিন্ন ল্যাপটপের তুলনায় এই মডেলে অ্যাপল বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।যেমন, কম্পিউটারের ব্যাটারি ও কিবোর্ড এখন আঠা বা রিভেটের বদলে স্ক্রু দিয়ে আটকানো হয়েছে।ডিভাইসের ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন যন্ত্রাংশ এখন খুব সহজেই বদলে ফেলা সম্ভব।অ্যাপল তাদের ম্যাকবুক নিও দিয়ে সেই বাজারকে টার্গেট করেছে, যেখানে বর্তমানে গুগলের সাশ্রয়ী দামের ক্রোমবুক-এর আধিপত্য রয়েছে। তবে সারানোর দিক থেকে অ্যাপলের নতুন ল্যাপটপটি ১০-এর মধ্যে কেবল ৬ নম্বর পেয়েছে। যেখানে লেনোভো থিংকপ্যাড-এর মতো অন্যান্য ল্যাপটপ পেয়েছে ৯ বা ১০ নম্বর।
উল্লেখ্য,গত এক দশকে অ্যাপল তাদের ডিভাইসগুলোকে আরও পাতলা ও হালকা করার ওপর বেশি গুরুত্ব দিয়েছে। ফলে তাদের পণ্যগুলো সারানো দিন দিন কঠিন হয়ে পড়েছে।








