
উপাচার্য নিয়োগ মামলায় পশ্চিমবঙ্গকে তিন সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, দীপঙ্কর দত্ত এবং উজ্জল ভূঁইয়ার এজলাসে রাজ্যের উপাচার্য নিয়োগ মামলার শুনানি ছিল।
শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, উপাচার্য নিয়োগের জট কেটে যাবে। তবে সেক্ষেত্রে কিছুটা সময়ের আর্জি চাওয়া হয়েছে। এজি ভেঙ্কটরামানি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে শুনানির সময় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দয়া করে আরও কিছু সময় দিন। কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটছে। ১৭টি নামের ক্ষেত্রে দুই তরফে জটিলতা কেটে গিয়েছে। আরও ১৭টি নামের ক্ষেত্রে কিছু মতভেদ আছে। সেই মতভেদও কাটিয়ে ফেলা হবে আগামী দিনে। এজি বলেছেন, তিনি যদি চ্যান্সেলর এবং রাজ্যের মধ্যে আরও কিছু মধ্যস্থতা করতে পারেন।সেক্ষেত্রে বিচারপতি সূর্য কান্ত দ্রুত এই কাজ শেষ করার কথা বলেন। তিনি জানিয়েছেন, যে মুহূর্তে মতবিরোধ দেখা দেবে, আদালত পদক্ষেপ করবে। আদালতের মূল্যবান সময় বাঁচানোর কথাও তিনি বলেছেন। এই জটিলতা কাটাতে রাজ্যের দক্ষ আধিকারিকদের ব্যবহার করার কথাও বলেন বিচারপতি। আইনজীবী অভিষেক মনু সিংভি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, ১৭ নম্বরটি একটি ভাল সংখ্যার মতো শোনাতে পারে। কিন্তু এটি ৩৪-এর মধ্যে ১৭ নম্বর। সেক্ষেত্রে বাকি জটিলতা কাটানোর জন্য তিনি আদালতের কাছে আরও আট সপ্তাহ সময় দাবি করেন। যদিও সেই সময় আদালত মানতে চায়নি।
