
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর কুম্ভমেলা চত্বরে ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
তাতে বলা হয়েছে, এখন থেকে মেলাপ্রাঙ্গণে কোনও রকমের যানবাহন প্রবেশে অনুমতি দেওয়া হবে না। ভিভিআইপি পাস বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলার উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এখন থেকে প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা গাড়িগুলিকে প্রয়াগরাজে ঢোকার সময়েই আটকে দেওয়া হবে। এ ছাড়া, রাস্তার পাশের স্টলগুলির কারণে যাতে অন্য যানবাহন কিংবা মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, তা-ও খেয়াল রাখা হবে। মেলা এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে।
মেলাপ্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুটও খুলে দিতে হবে।উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি অন্তত ৯০ জন।
