
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসের সমর্থনে ৩০ মিনিটের গানের ভিডিও তৈরি করেছেন এআর রহমান।
৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সমর্থনে ওই প্রচার ভিডিও ব্যবহার করা হবে।আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে এবারের নির্বাচনে মূল লড়াই প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে এই প্রথম ভারত তথা এশিয়ার কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতকার কমলা হ্যারিসের প্রচারে শামিল হয়েছেন। রবিবার রাত ৮টায় এশিয়ান–আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স-এর ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে এআর রহমানের গানের ভিডিও প্রথম প্রচারিত হবে।
এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এআর রহমানের কিছু জনপ্রিয় গানের সঙ্গে ভিডিওয় থাকছে কমলা হ্যারিসের সমর্থনে প্রচার এবং আমেরিকাবাসী এশীয় জনগোষ্ঠীর প্রতি তাঁর আবেদন।








