
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে যাচ্ছেন। জানা গেছে, একটি ছোট প্রতিনিধি দল নিয়ে চলতি সপ্তাহের শেষ নাগাদ আরাঘচি ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
মূলত ইরান- আমেরিকার বর্তমান সংঘাত নিরসন এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে যে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, আরাঘচির এই সফর তারই অংশ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মার্কিন-ইরান সংঘাত নিরসনে ইসলামাবাদের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সংলাপ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। ইসলামাবাদ বিশ্বাস করে, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে উভয় পক্ষের মধ্যে টেকসই আলোচনা অপরিহার্য।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা করলেও সমুদ্রপথে উত্তেজনা কমেনি।
বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান এবং অন্যদিকে ইরানি বন্দরে মার্কিন অবরোধের কারণে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে আছে।
