
বাংলাদেশ সীমান্ত দখলের পরে এ বার মায়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রে। গত কয়েক দিন ধরে ধারাবাহিক হামলা চালিয়ে কিয়াউকফিউ বন্দরের অদূরে চিনা শিল্প বিনিয়োগকেন্দ্র দখল করেছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মি।তাদের হামলার নিহত হয়েছেন সামরিক জুন্টা সরকারের ফৌজের এক ব্রিগেডিয়ার জেনারেল।
মায়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম,দ্য ইরাওয়াদি জানিয়েছে, কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে পিয়াং সি কে এলাকায় জুন্টা সেনার একটি ব্যাটেলিয়নের সদর দফতর ঘিরে ফেলেছে আরাকান আর্মি।
কিয়াউকফিউ-রাম্রি জাতীয় সড়কের পাশে পিয়াইন সি কাই জনপদও দখল করেছে তারা। তবে কিয়াউকফিউ শহরে মোতায়েন একটি সেনা ব্রিগেড এখনও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তার অদূরে রয়েছে চিনের একটি তেল শোধনাগার।তবে সেখানে এখনও ঢোকেনি বিদ্রোহীরা।
