
চলতি মাসেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা। গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে।
স্কোয়াডে বড় কোনো চমক রাখেননি স্কালোনি। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ না থাকলেও পুরো শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্কালোনি। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে এসেছেন ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন স্কালোনি।
অভিজ্ঞদের মধ্যে সকলেই আছেন স্কোয়াডে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের সকলেই আছেন স্কোয়াডে। যদিও এই স্কোয়াডের সবাইকে নিয়েই মাঠে হাজির হওয়ার সম্ভাবনা নেই। মূল স্কোয়াড হতে হবে ২৩ জনের। প্রাথমিক স্কোয়াড থেকে ঠিক কাদের বাদ দেয়া হবে সেটাই দেখার বিষয়।








