
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামের অনুগামীরা জড়িত বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। খুনে অভিযুক্তরা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
নৈহাটিতে ভোটগ্রহণের মধ্যেই পাশের ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে চায়ের দোকানে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন যাঁরা বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালিয়েছিল তারাই অশোক সাউয়ের ওপর গুলি চালিয়েছে। তিনি আরও বলেছেন জগদ্দল থানার মাত্র ২০ মিটার দূরে শ্যুটআউটের ঘটনা ঘটেছে। অর্জুন সিংয়ের অভিযোগ থানার পিছনের এলাকায় অসামাজিক কাজকর্ম চালায় পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামের লোকেরা। এরাই বিজেপির ডাকা বাংলা বনধে পিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালিয়েছিল, তারাই এখানে গুলি চালিয়েছে।
পাল্টা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠদের দিকে আঙুল তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেছেন অভিযুক্ত হিসেবে যার নাম শোনা যাচ্ছে, সেই পঙ্কজ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ।





