
রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। ট্রাফিক আইন ভঙ্গ করার অভ়িযোগে ট্রাকটিকে আটকায় ট্র্যাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। লালবাজারের তরফে জানানো হয়েছে, ট্রাকটি বিপজ্জনক ভাবে ডান দিকে বাঁক নিয়েছিল। ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আদৌ বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না। সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয় বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই সেনাকর্মী এ-ও জানিয়েছেন যে, পিছনে কলকাতার সিপি-র গাড়ি ছিল, তা জানতেন না তাঁরা।
ইতিমধ্যেই ফোর্ট উইলিয়াম সেনার ইস্টার্ন কমান্ডের দফতরে ঘটনাটির কথা জানানো হয়েছে। অন্যদিকে, সেনার ওই ট্রাককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।







