
লাগেজের জন্য অতিরিক্ত ভাড়া চাইতেই শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের চার কর্মচারীর উপরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক ভারতীয় সেনাকর্তার বিরুদ্ধে। যারফলে একজনের মেরুদণ্ড ভেঙেছে। একজনের চোয়াল। আর একজন ঘুষি খেয়ে জ্ঞান হারিয়েছিলেন। স্পাইসজেট জানিয়েছে, অতিরিক্ত মালের জন্য অর্থ দিতে বলা হয়েছিল।
অভিযুক্ত অফিসার তা দিতে অস্বীকার করেন এবং বোর্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ না করেই, জোর করে অ্যারোব্রিজে ঢুকে পড়েন। স্পাইসজেট জানিয়েছে, এটা এভিয়েশন সিকিওরিটি প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। এক সিআইএসএফ আধিকারিক তাঁকে ফের বোর্ডিং গেটে ফিরিয়ে নিয়ে আসেন। এর পরে অভিযুক্ত সেনা অফিসার ক্রমে আগ্রাসী হয়ে ওঠেন এবং স্পাইসজেটের চার গ্রাউন্ড স্টাফের উপরে হামলা শুরু করেন বলে অভিযোগ। বারবার তাঁদের লাথি-ঘুষি মারতে থাকেন। এতে তাদের এক কর্মীর মেরুদণ্ড ভেঙে যায়, আরও একজনের চোয়াল ভেঙে যায় বলে দাবি করেছেন স্পাইসজেটের মুখপাত্র। আরও এক কর্মী ওই সেনা কর্তার ঘুষিতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তার পরেও ওই সংজ্ঞাহীন ব্যক্তিতে লাথি-ঘুষি মারতে থাকেন ওই ব্যক্তি বলে অভিযোগ।
মাটিতে পড়ে থাকা সহকর্মীকে সাহায্য করতে গিয়েছিলেন স্পাইসজেটের আরও এক কর্মী। তাঁর চোয়ালে ওই সেনা কর্তা সজোরে লাথি মারেন বলে অভিযোগ। যার ফলে ওই কর্মীর নাক-মুখ থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। এর পরে গুরুতর আহত অবস্থায় চার কর্মীকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্পাইসজেট।
