
বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণ-র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের এক আদালত।
পতঞ্জলির এক ওষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা চলছে কেরলের পালাক্কাড় আদালতে। পালাক্কাড়ের ওই আদালত রামদেব ও বালাকৃষ্ণর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলায় ১ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু দু’জনের কেউই হাজিরা দেননি। তারপরই আদালত পতঞ্জলির দুই কর্ণধারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রামদেব এবং বালাকৃষ্ণকে কেরলের ওই আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যালোপ্যাথি ওষুধের বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং মিথ্যে প্রচারের অভিযোগে রামদেব, বালকৃষ্ণ এবং পতঞ্জলির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বহু মামলা চলেছে। এর আগে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য শীর্ষ আদালতেও ক্ষমা চাইতে হয়েছে রামদেবকে।
