
আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ তোলা সেই আখতার আলির বিরুদ্ধেই এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি। অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন। যদিও আদালত মনে করছে ইচ্ছে করেই আদালতের হাজিরা এড়িয়েছেন আখতার আলি। হাজিরা না দিলে গ্রেফতারির ওয়ারেন্ট ইস্যু করা হবে। গত বছর ডিসেম্বরে আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতারি আলির বিরুদ্ধে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই কোর্ট। কিন্তু তারপরেও গরহাজির ছিলেন তিনি। আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় সিবিআই-র দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির। দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই গত বছর নভেম্বরে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
কিন্তু ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। তিনিই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।
