
দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ্য তদন্ত সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগামে ডাঃ মুজাফফর আহমেদ রাঠের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কাজীগুণ্ডের বাসিন্দা ডাঃ মুজাফফর এই মামলার অন্যতম মাস্টারমাইন্ড। অগাস্ট মাসে সে ভারত ছাড়ে বলে গোয়েন্দাদের ধারণা।
সূত্রের খবর, এই ডাঃ মুজাফফর আহমেদ রাঠের বর্তমানে আফগানিস্তানে রয়েছে। গোয়েন্দারা একরকম নিশ্চিত, এই ব্যক্তিই সম্ভবত জৈশ-ই-মহমাদের হ্যান্ডলার যে জম্মু কাশ্মীর জুড়ে হোয়াইট-কলার সন্ত্রাসী মডিউলের মধ্যে যোগসূত্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ মুজাফফরের প্রত্যার্পণ নিশ্চিত করার জন্য এর আগে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ চেয়েছিল।
ডাঃ মুজাফফর আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত। এই বিশ্ববিদ্যালয় দিল্লি বিস্ফোরণ এবং হোয়াইট-কলার সন্ত্রাসী মডিউলের তদন্ত শুরু হওয়ার পরেই নজরে এসেছে।









