
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগ, তাঁরা ঢাকার উপকণ্ঠে আবাসিক জমি কৌশলে এবং প্রতারণামূলক পরিকল্পনার মাধ্যমে আত্মসাৎ করেছিলেন। সেই মামলা চলছিল রাজধানীর আদালতে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আদালতে এই সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে।
তা গ্রহণ করার পরেই বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আবাসিক জমি দখল করে নেওয়া হয়েছে। কন্যা পুতুলের অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা এই কাজ করিয়েছেন।
সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। হাসিনাদের বিরুদ্ধে দুদক মামলা রুজু করেছিল চলতি বছরের জানুয়ারি মাসে। এ বার তারা আদালতে চার্জশিট জমা দিয়েছে।
