
উন্নতমানের আগ্নেয়াস্ত্র কার্বাইন ও একটি গুলিসহ হরিহরপাড়ায় গ্রেফতার হয়েছেন তৃণমূল কর্মী শাহজামাল শেখ ওরফে জামাল শেখ।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় হানা দেয় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার আইসি অরূপকুমার রায়। পুলিশ সূত্রে খবর, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল শাহজামাল শেখ ওরফে জামাল শেখ নামে ওই ব্যক্তি। আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তিনি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী।
তদন্তকারীরা জানান, কোথা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি এনে কাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল শাহজামালের, তা জানার চেষ্টা চলছে।








